প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া সেই কবির দিলেন রাজনীতি ছাড়ার ইঙ্গিত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরির ঘোষণা দিয়ে আলোচনায় আসা হুমায়ুন কবির রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি মুর্শিদাবাদের রেজিনগর আসনে উপনির্বাচনের পরদিন এমন কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার সেখানে ভোটগ্রহণ হয়। ওই সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় তাকে আটক করা হয়। দীর্ঘ ১২ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকার পর মুক্তি পাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন। তিনি বলেছেন, মুসলিম অধ্যুষিত রেজিনগর আসনটি বিজেপি ভোট লুট করে নিয়ে যাবে।
আজ বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে হুমায়ুন বলেন, “বিজেপি রেজিনগরে জিতবে মানুষের রায়কে লুট করে।”
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন রাজ্য বিধানসভায় যাবেন না বলেও ঘোষণা দেন হুমায়ুন।
তিনি বলেন, “যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকে, আমি বিধানসভায় যাব না। আমি নওড়ার মানুষের কাছে ক্ষমা চাই। বিজেপি রেজিনগরে জিতবে। কিন্তু এটি জনগণের রায় নয়। পুলিশ আর প্রশাসন মিলে নির্বাচন চুরি করেছে।”
সর্বশেষ নির্বাচনে রেজিনগরে জয় পেয়েছিলেন হুমায়ুন। তিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জেতেন। কিন্তু নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হতো। ফলে তিনি রেজিনগর ছেড়ে দেন। এরপর সেখানে উপনির্বাচন ঘোষণা করা হয়। যার ভোট হয়েছে গতকাল। আগামী ৯ অক্টোবর এটির ফলাফল ঘোষণা করা হবে।
রেজিনগরে নিজের ছেলেকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন হুমায়ুন। তিনি সাংবাদিকদের বলেছেন, শুভেন্দুর সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল, তখন শুভেন্দু তাকে বলেছিলেন তার ছেলে ৩০ হাজার ভোটের ব্যবধানে জিতবে। কিন্তু এখন তার ছেলের জয় ছিনিয়ে নেওয়া হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।